১৯ বছরে পা দিলেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তবে নিজের জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে তিনি চান ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে জয় এবং নিউইয়র্কে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের টিকিট।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারানোর পর ইয়ামাল মন্তব্য করেছিলেন-স্পেন নয়, বরং ফ্রান্সেরই তাদের ভয় পাওয়া উচিত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের সেই মন্তব্যের বিষয়ে বার্সেলোনার এই তরুণ তারকা বলেন, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কিনা, আমি বলেছি ‘না’। আমরা ইউরোপীয় চ্যাম্পিয়ন। এটা শুধুই ফুটবল। জন্মদিনে দলের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ পাওয়া এই ফুটবলার জানান, ফুটবল ম্যাচ নিয়ে তিনি কোনো বাড়তি চাপ নিচ্ছেন না এবং মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।
এদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সের বিপক্ষে তারা আক্রমণাত্মক ফুটবল খেলবেন। তবে ফরাসিদের শক্তির বিষয়েও তিনি সতর্ক। গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল স্পেন। তবে দে লা ফুয়েন্তে মনে করেন, গত দুই বছরে কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে ডেম্বেলেদের নিয়ে গঠিত ফ্রান্স দল আরও শক্তিশালী ও পরিপক্ব হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মঙ্গলবারের এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। বল দখল ও ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে ফ্রান্সকে পরাস্ত করার ছক কষছেন স্প্যানিশ কোচ।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল