বিশ্বকাপে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল ফ্রান্সের। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে গত দুইবারের ফাইনালিস্টরা। আগামী ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দলটি, আর সেই ম্যাচ দিয়েই শেষবারের মতো ফ্রান্সের ডাগআউটে দাঁড়াবেন দলটির প্রধান কোচ দিদিয়ের দেশম।
২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া ৫৭ বছর বয়সী এই ফরাসি কোচ চলতি বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন যে, টুর্নামেন্ট শেষে তিনি আর দায়িত্ব পালন করবেন না। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতা দেশম কোচ হিসেবেও ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ—উভয় ভূমিকায় বিশ্বকাপ জয়ের এই ‘ডাবল’ সাফল্য অর্জন করেন তিনি।
বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষের এই হারটি ছিল কোচ দেশমের তৃতীয় পরাজয়। এর আগে ২০১৪ সালের আসরে জার্মানির কাছে ১-০ ব্যবধানে এবং ২০২২ সালের গ্রুপ পর্বে তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তার দল। গত আসরের ফাইনালে ফ্রান্স আর্জেন্টিনার কাছে শিরোপা হারালেও ফিফা ও উয়েফার নিয়ম অনুযায়ী পেনাল্টি শুটআউটের পরাজয়কে সরাসরি হার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় না, তাই সেটি দেশমের নামের পাশে হার হিসেবে গণ্য হয়নি।
তথ্যমতে, বিশ্বকাপে দেশম মোট ২৬ ম্যাচে ফ্রান্সের দায়িত্বে ছিলেন, আর তার এই বিশ্বকাপ অধ্যায় শেষ হচ্ছে ৩০টি জয় ও তিনটি ড্র নিয়ে। সব মিলিয়ে ফরাসিদের ডাগআউটে ১৮৪ ম্যাচে দায়িত্ব পালন করে ১২০টি জয়, ৩৫টি ড্র ও ২৯টি হারের রেকর্ড গড়েছেন তিনি। গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশমের বিদায়ের পর ফ্রান্স দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তার সাবেক সতীর্থ জিনেদিন জিদান, যার সঙ্গে ১৯৯৮ সালে একই সাথে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন দেশম।
ডিবিসি/এফএইচআর