ফ্রান্স, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে জুনের তীব্র তাপপ্রবাহের কারণে কমপক্ষে ৩ হাজার ৭০০ জনের অতিরিক্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউরোপজুড়ে তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধির কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে যে এটি সম্পূর্ণ প্রাথমিক পরিসংখ্যান এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রায় ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী হওয়া এই তাপপ্রবাহটি ছিল ইউরোপে রেকর্ডকৃত সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়, অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়ে। বিজ্ঞানীদের ধারণা, এই চরম আবহাওয়ার পেছনে মূলত জলবায়ু পরিবর্তনেরই প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট স্থানীয় একটি টেলিভিশনকে জানান, তাপপ্রবাহের সময় ফ্রান্সে ২ হাজার ২৫ জনের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৪৫ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের একটি বুলেটিন অনুযায়ী, ২২ থেকে ২৮ জুনের মধ্যে আগের সপ্তাহের তুলনায় বাড়িতে মৃত্যুর হার ৯১ শতাংশ বেড়েছে। পাশাপাশি নার্সিং হোম এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে যে, মৃত্যুর প্রকৃত সংখ্যা এই প্রাথমিক পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি হতে পারে।
এদিকে, বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে দেশটিতে প্রায় ১ হাজার ২০০ জনের অতিরিক্ত মৃত্যু নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ৫৩০ জনেরই বয়স ৮৫ বছর বা তার বেশি। অন্যদিকে ৬৫ বছরের কম বয়সী মানুষের মধ্যে এই মৃত্যুর সংখ্যা ছিল ১৮০ জন। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, তাপপ্রবাহ চলাকালীন এত বেশি সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা তাদের দেশে একেবারেই নজিরবিহীন।
অন্যদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে তাপপ্রবাহের কারণে প্রায় ৪৮০ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে। মারা যাওয়া এসব মানুষের বেশিরভাগেরই বয়স ৮০ বছরের বেশি বলে জানা গেছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/পিআরএএন