ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উভয় দেশ মিলিয়ে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্রান্সের গিরোন্দে ও ল্যান্ডেস অঞ্চলসহ বোর্দো শহরের কাছ থেকেই প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ উদ্ধার কাজে সামরিক বাহিনী মোতায়েন করেছেন।
অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমে একাধিক অগ্নিকাণ্ড একত্রিত হয়ে বিশাল রূপ ধারণ করায় সেখানে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো এটিকে তাদের ইতিহাসের 'সবচেয়ে ভয়াবহ দাবানল' বলে অভিহিত করেছেন। তীব্র বাতাস এবং প্রচণ্ড গরমের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়েছে। স্পেনে এখন পর্যন্ত ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ৪০ হাজার মানুষকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্পেনের জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, মাদ্রিদের দাবানলটি পার্শ্ববর্তী অ্যাভিলা প্রদেশের অন্য একটি বড় দাবানলের সঙ্গে মিশে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। ইতোমধ্যে হাজার হাজার হেক্টর বনভূমি ও সমতল এলাকা ছাইয়ে পরিণত হয়েছে। বাতাসের তোড়ে উড়ে আসা স্ফুলিঙ্গ কয়েক মাইল দূরে গিয়ে নতুন নতুন এলাকায় আগুন জ্বালিয়ে দেওয়ায় উপদ্রুত এলাকাগুলোর পরিধি মুহূর্তের মধ্যেই বেড়ে চলেছে।
সূএ: বিবিসি