বিবিধ

ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের জন্য রাহিতুল ইসলামের নতুন বই ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

বুধবার ৩রা ডিসেম্বর ২০২৫ ১১:৩২:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত জনপ্রিয় এবং সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে সঠিক দিকনির্দেশনা ও পর্যাপ্ত গাইডলাইনের অভাবে অনেকেই এই পথে সফল হতে পারছেন না। ফ্রিল্যান্সিং জগতে যারা সফল ক্যারিয়ার গড়তে এবং নিজেদের দক্ষতাকে আয়ের উৎসে পরিণত করতে ইচ্ছুক, তাদের জন্য এবার লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলাম নিয়ে এলেন তাঁর নতুন বই ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’।

বইটি কেবল তরুণ শিক্ষার্থী বা চাকরিপ্রার্থীদের জন্য নয়, এটি বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে গৃহিণীদের জন্যও একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ হিসেবে কাজ করবে। ফ্রিল্যান্সিংয়ের সব খুঁটিনাটি বিষয় অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় বইটিতে তুলে ধরা হয়েছে। ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’-তে ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রাথমিক ধারণা, একটি সফল ক্যারিয়ার গড়ার বিস্তারিত গাইডলাইন, এ সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা এবং সঠিক তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। একইসঙ্গে এতে আয়ের বাস্তবসম্মত পদ্ধতিও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

 

নতুন ফ্রিল্যান্সারদের জন্য মার্কেটপ্লেস নির্ধারণ, আকর্ষণীয় প্রোফাইল তৈরির কৌশল, প্রজেক্ট পাওয়ার উপায়, পেমেন্ট পদ্ধতি এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বইটিতে স্থান পেয়েছে। পাঠকের অনুপ্রেরণা জোগাতে বইটির শেষে দেশের নির্বাচিত সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জীবন এবং উত্থানের গল্প যুক্ত করা হয়েছে।

 

বইটি প্রসঙ্গে লেখক রাহিতুল ইসলাম বলেন, “তরুণ থেকে বৃদ্ধ- যাঁরাই ফ্রিল্যান্সার বা উদ্যোক্তা হতে চান, তাঁদের জন্য আমি এই বইটি লিখেছি। এটি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পরিশ্রমের ফসল। আমি মনে করি, যে কেউ যেকোনো জায়গা থেকে কেবল একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগকে পুঁজি করে গড়ে তুলতে পারে নিজের আয়ের জগৎ। কর্মসংস্থানের নতুন নতুন দুয়ার খুলে দিয়ে একটি টেকসই ক্যারিয়ার গড়ার পথ দেখাবে আমার এই বই।”

 

‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’ বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। বর্তমানে বইটি দেশের প্রধান বইয়ের দোকানগুলোর পাশাপাশি প্রথমা ডটকম ও রকমারি ডটকমসহ সকল অনলাইন প্ল্যাটফর্মে সহজলভ্য।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন