কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ওবায়দুল হক লালু (৩০) নামের স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে ক্যাম্প-১৪-এর সি/২ ব্লকে অবস্থিত সুন্নাহ মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
উখিয়ায় দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।
এপিবিএন জানায়, পূর্বশত্রুতা ও বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে রোহিঙ্গা ইউনুসের সঙ্গে স্থানীয় যুবক ওবায়দুল হক লালুর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ইউনুসের নেতৃত্বে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি লালুকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তাঁর ডান পায়ের গোড়ালিতে গুলি লাগে।
স্থানীয়দের বরাত দিয়ে এপিবিএন জানায়, ঘটনার সময় আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ লালুকে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আহত ওবায়দুল হক লালু উখিয়ার পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোরাখোলা এলাকার মৃত আবু হোসেনের ছেলে।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ঘটনার খবর পেয়ে হাকিমপাড়া ক্যাম্পের কমান্ডার, টহল দলের সদস্য, সংশ্লিষ্ট ব্লকের সাব-মাঝি এবং উখিয়া থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার কিংবা কাউকে আটক করা হয়নি। গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আটকের লক্ষ্যে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার পর ক্যাম্প-১৪ এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।
ডিবিসি/এমএনকে