বগুড়ায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে স্বপন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) গভীর রাতে শহরের কানছগাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বপন ওই এলাকার একজন ফার্নিচার ব্যবসায়ী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বর্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, সোমবার কানছগাড়ি এলাকায় একটি সাদাকালো রঙের কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় স্বপন। এতে কুকুরটি গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকে এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা কমিটির সদস্য এমরান হোসেন ওই দিন দুপুর পৌনে ২টার দিকে কুকুরটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি পশু চিকিৎসালয়ে ভর্তি করেন।
পরবর্তীতে এমরান হোসেন খোঁজ নিয়ে ঘটনার সাথে স্বপনের সম্পৃক্ততার প্রমাণ পান এবং তাকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ডিবি পুলিশের সহায়তায় স্বপনকে গ্রেপ্তার করা হয়। কুকুরকে কোপানো এবং বর্মিজ চাকু রাখার অপরাধে তার বিরুদ্ধে দুটি ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।
আহত কুকুরটির শারীরিক অবস্থা সম্পর্কে বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান জানান, কুকুরটির পিঠে লেজের ঠিক আগে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতটি বেশ গুরুতর হওয়ায় ওই স্থানে ৪টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে অস্ত্রোপচার শেষে কুকুরটি কিছুটা সুস্থ রয়েছে।
ডিবিসি/আরএসএল