প্রাণিকুলে মানুষের মতোই অন্যান্য প্রাণীর মধ্যেও মায়ের প্রতি গভীর ভালোবাসা বা টান নতুন কিছু নয়। তবে বগুড়ায় খামারে পালিত কোরবানির একটি গরু তার মায়ের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তা সত্যিই বিরল। মা ছাড়া থাকতে না পারা এই বাচ্চা গরুকে জবাই করতে গিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড বেঁধে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া মহানগরের সূত্রাপুর ডা. ইসহাক লেনের বাসিন্দা আবদুর রহমান কোরবানির জন্য প্রায় তিন কিলোমিটার দূরে নগরীর মালতিনগর এলাকার মাহবুবর রহমান নামে এক ব্যক্তির খামার থেকে কয়েক দিন আগে ১ লাখ ১৫ হাজার টাকায় একটি গরু কেনেন। শর্ত অনুযায়ী, গরুটি খামার থেকে ঈদের আগের দিন ২৭ মে রাতে ক্রেতা আবদুর রহমানের সূত্রাপুর এলাকার বাড়িতে নেওয়ার কথা ছিল।
সেই অনুযায়ী আবদুর রহমান তার কেনা গরুটি নিতে নির্ধারিত দিন ও সময়ে ওই খামারে যান। কিন্তু তিনি গরুটিকে কোনোভাবেই নিতে পারছিলেন না। কারণ, দড়ি ধরে টানতেই গরুটি বারবার ছুটে তার মা গরুর কাছে চলে যাচ্ছিল। এভাবে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর খামার মালিক বাধ্য হয়ে বিক্রি করা গরুর সঙ্গে তার মাকে নিয়ে ক্রেতার বাড়ির উদ্দেশে রওনা হন। পরে তিনি বিক্রি করা গরুটি ক্রেতার বাড়িতে বেঁধে রেখে তার মাকে নিয়ে খামারে ফিরে যান।
তবে মূল বিপত্তি ঘটে ঈদের দিন সকালে। সকাল ৯টার দিকে জবাই করার জন্য বাঁধা অবস্থা থেকে দড়ি খোলার সময় হঠাৎ কেনা গরুটি দৌড় শুরু করে। গরুটিকে ধরতে পেছনে পেছনে ক্রেতা এবং তার সঙ্গীরাও দৌড় দেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত আর ধরা সম্ভব হয়নি। পরে গরুর ক্রেতা আবদুর রহমান খোঁজ নিতে বিক্রেতার খামারে যান এবং সেখানে গিয়ে রীতিমতো বিস্মিত হন। তিনি দেখতে পান, পালিয়ে আসা গরুটি সেই খামারে ঠিকই তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে।
পরে আবারও ক্রেতা গরুটিকে জবাইয়ের জন্য ওই খামার থেকে তার বাড়িতে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আগের দিনের মতোই তিনি ব্যর্থ হন। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই খামার মালিক বিক্রি করা ওই গরুকে তার মায়ের সঙ্গে নিয়ে আবার ক্রেতার বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর দুপুরের দিকে মাকে দূরে দাঁড়িয়ে রেখে বিশেষ ব্যবস্থায় সেই গরুটিকে জবাই করা হয়। মায়ের প্রতি একটি অবলা প্রাণীর এমন গভীর ভালোবাসা নগরবাসীর নজর কেড়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ডিবিসি/আরএসএল