বগুড়ায় চাঁদা না পেয়ে রাকিবুল হাসান হৃদয় নামে এক তরুণকে কুপিয়ে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫-এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও রাব্বি মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিকুল ইসলাম, শাকিল ইসলাম ও মতিন মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই বগুড়া শহরের কৈপাড়া এলাকার তরুণ ব্যবসায়ী ও কোরআনে হাফেজ রাকিবুল হাসান হৃদয়ের কাছে চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় হৃদয়কে বাঁচাতে এলে তার বাবার ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান স্বপন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও বাদীপক্ষ।