বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি। এদিকে মাদকসহ আটকের ঘটনায় তাঁকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নন্দীগ্রাম উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কের নুন্দহ গ্রামে মোজাম্মেলের বাড়ির সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশির সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামানো হলে তাতে একমাত্র যাত্রী হিসেবে রবিউল ইসলাম ছিলেন। পরে তাঁর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রবিউলের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে রবিউলের গ্রেপ্তারের খবর প্রকাশের পর বগুড়া জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক মো. ফারহান সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিউল ইসলামকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।