জেলার সংবাদ

বগুড়ায় বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানখেতে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ওই বৃদ্ধা আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি নিজ বাড়িতে ফিরে গেছেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজাকে দেখতে পেয়ে তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়।


এ সময় প্রতিমন্ত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গাড়িতে থাকা তার সহধর্মিণী সুস্থ রয়েছেন বলে জানা গেছে।


অন্যদিকে, দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ফিরোজাও কিছুটা আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও ওই বৃদ্ধা আহত হয়েছেন। প্রতিমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক নয়।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন