ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জোহরের নামাজের পর ‘সর্বস্তরের তৌহিদী জনতা’র ব্যানারে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এই কর্মসূচির আয়োজন করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় ক্ষুব্ধ জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে অগ্নিসংযোগ করে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র স্লোগান ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ শেষে সাতমাথায় মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা খামেনি হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা এ ঘটনাকে বিশ্বশান্তি বিনষ্টের চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শরিফুল ইসলাম, শাহিনুর রহমান, মজনু আহমেদ এবং জিল্লু আহমেদ প্রমুখ।
ডিবিসি/এএমটি