বগুড়ার আদমদীঘিতে ফার্মেসি থেকে ওষুধ চুরির দায়ে মো. আলামিন (৩০) নামের এক যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর অভিনব ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকার ‘তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপ’-এ এই ঘটনা ঘটে। আটক আলামিন উপজেলার ছাতিয়ান গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
ফার্মেসির স্বত্বাধিকারী জহুরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে তিনি দোকান খোলা রেখে বাথরুমে গিয়েছিলেন। এই সুযোগে আলামিন দোকানের গেটে রাখা একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে ওষুধ চুরির চেষ্টা করেন। একপর্যায়ে চেয়ারটি ভেঙে নিচে পড়ে গেলে পাশের দোকানের ব্যবসায়ী মাসুদ বিষয়টি টের পেয়ে দ্রুত এসে তাঁকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ো হলে আলামিন চুরির চেষ্টার কথা স্বীকার করেন। এ সময় উপস্থিত স্থানীয়রা তাঁকে মারধর না করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ আদায়ের নির্দেশ দেন।
পাশের কীটনাশক দোকানের ব্যবসায়ী জিল্লুর রহমান মামুন জানান, নামাজে ব্যস্ত না রাখলে উত্তেজিত জনতা আলামিনকে মারধর করতে পারত। ভবিষ্যতে এমন অপরাধ থেকে বিরত থাকা এবং কৃতকর্মের প্রতি অনুতপ্ত হওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। নামাজ আদায় শেষে স্থানীয়রা আলামিনকে ছেড়ে দেন।