বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় প্রতিদিনের মতো দরজা ও জানালা সঠিকভাবে তালাবদ্ধ করে অফিসের সবাই চলে যান। এরপর রবিবার সকাল ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন অফিসে এসে একটি জানালার লোহার শিক ভাঙা ও খোলা অবস্থায় দেখতে পান। পরে তিনি নিশ্চিত হন যে, চোরেরা জানালার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসের বিভিন্ন তথ্যপ্রযুক্তি সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশা করছেন।
এদিকে অভিযোগের বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ওই অফিসের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চোর শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল