জেলার সংবাদ, আইন ও কানুন

বগুড়ায় জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল টাকাসহ ফের গ্রেপ্তার

বগুড়া অফিস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ায় জাল টাকা-সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ গ্রেপ্তার হয়েছেন।

আজ বুধবার দুপুরে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম (৪৭) নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা।

 

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আজ দুপুর ১২টার দিকে আগের একটি জাল টাকার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাকে তার আইনজীবীর কক্ষ থেকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমান নোটের পাঁচটি বান্ডিলে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, রফিকুল ইসলাম এর আগেও জাল নোটসহ ৩ বার গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতির অভিযোগে ৬টি মামলা রয়েছে। তবে আটকের পর রফিকুল ইসলাম দাবি করেন, আদালতে হাজিরা দিতে আসার সময় তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ তার কাছে রেখে পালিয়ে গেছেন।

 

ওসি ইকবাল বাহার বলেন, জাল টাকার নোট উদ্ধারের ঘটনায় রফিকুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন