জেলার সংবাদ

বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া ফরকের হাট এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কপিল উদ্দিন সরকার।

 

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

ওসি আরও জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত এবং এর চালককে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন