জেলার সংবাদ

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আসাদুজ্জামান নামে হত্যা ও ছিনতাই মামলার এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ডিবি কার্যালয়ের হাজতখানার বাথরুমে ঢুকে ভেন্টিলেটরের সঙ্গে পরনের লুঙ্গি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা উত্তরপাড়া গ্রামের মতি মুন্সির ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন সংঘটিত একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে হত্যা ও ছিনতাই মামলার আসামি ছিলেন আসাদুজ্জামান। ঘটনার ১৯ দিন পর শনিবার (১৮ জুলাই) তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছ থেকে নিহত চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়। রবিবার দুপুরে আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা ছিল।

 

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, রবিবার সকালে হাজতখানায় বসে নাস্তা করেন আসাদুজ্জামান। এরপর সকাল ১০টার দিকে তিনি হাজতখানা সংলগ্ন বাথরুমে যান। দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি বের না হওয়ায় হাজতখানায় থাকা অন্য এক আসামি বিষয়টি পুলিশকে জানান।

 

এরপর পুলিশ বাথরুমের ভেতরে গিয়ে তাকে ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়।

 

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাশেদুল ইসলাম রনি জানান, আসাদুজ্জামানকে তারা মৃত অবস্থাতেই হাসপাতালে পেয়েছেন।

 

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, হাজতখানার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসাদুজ্জামানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন