বগুড়া শহরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মসজিদের খতিব নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) সকালে হামলার শিকার হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হজ কাফেলায় লোক পাঠানোর কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, শহরের খান্দার সংলগ্ন মাহবুব নগর এলাকায় জমি নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে কিছু লোকের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই শত্রুতার জেরে রোববার সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত সাইফুল ইসলামের ওপর হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তবে পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলের অভিযোগ, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/টিবিএ