জেলার সংবাদ

বগুড়ায় বাসি তরকারি দিয়ে ভাত খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ার ধুনট উপজেলায় বাসি পাঙাশ মাছের তরকারি খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় শাহীনুর খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই খাবার খেয়ে তাঁর স্বামী, মেয়ে ও জামাই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে মেয়ের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীনুর মারা যান। তিনি ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

 

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সাইফুল ইসলাম স্থানীয় বাজার থেকে পাঙাশ মাছ কিনে আনেন। রাতে সেই মাছ রান্না করে পরিবারের চার সদস্য মিলে খান এবং বেঁচে যাওয়া তরকারি রান্নাঘরে রেখে দেন। পরদিন রোববার সকালে সেই বাসি তরকারি গরম করে তাঁরা আবার ভাতের সঙ্গে খান। খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর থেকেই সবাই অসুস্থ হয়ে পড়েন।

 

অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁদের স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শাহীনুর খাতুনের মৃত্যু হয়। তাঁর স্বামী সাইফুল ও জামাই সুমন হাসান চিকিৎসা নিয়ে সুস্থ হলেও মেয়ে সাথী খাতুন (২২) এখনো পুরোপুরি সুস্থ হননি।

 

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ কাদির বলেন, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে একই পরিবারের চারজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।

 

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খাদ্যে বিষক্রিয়ায় এক নারীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন