বাংলাদেশ, জেলার সংবাদ

বগুড়ায় বিয়ে বাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে তোরণে বরকে বরণ করার সময় কনেপক্ষের বকশিশ দাবি করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বরপক্ষের অভিযোগ, কনেপক্ষের লোকজনের মারপিটে তাদের কয়েকজন আহত হয়েছেন এবং ওই সময় তাদের ১৩টি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ফেলুরপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে সাগর মিয়ার সঙ্গে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামের টুটুল মিয়ার মেয়ে সাথী আক্তারের (১৮) বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যার কিছু আগে বরযাত্রী কনের বাড়িতে পৌঁছায়। এরপর কনেপক্ষের লোকজন বরকে বরণ করে নিতে তোরণের সামনে দাঁড়িয়ে মোটা অঙ্কের বকশিশ দাবি করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে স্থানীয় গ্রামবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হাতাহাতি ও মারপিট চলাকালে বরপক্ষের অন্তত ১৩টি মােবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে কনেপক্ষের লোকজন বরপক্ষের লোকজনকে মারপিট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন