জাতীয়

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় ফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন সিটি করপোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি সিটি করপোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন।

২০০৬ সালে তৎকালীন সরকার বগুড়া পৌরসভার সীমানা বাড়িয়ে ২১টি ওয়ার্ডে উন্নীত করার মাধ্যমে সিটি করপোরেশন গঠনের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করে। দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো এবং বগুড়া সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল।

 

এর আগে, এদিন ভোর ৬টায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এরপর বেলা সাড়ে ১১টায় পায়ে হেঁটে জেলা জজ আদালতে গিয়ে 'ই-বেইল বন্ড' কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী তার পৈতৃক এলাকা বাগবাড়ীর উদ্দেশে রওনা হন। সেখানে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনসহ পৈতৃক নিবাস পরিদর্শনের কথা রয়েছে তার।

 

সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং একই সময়ে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। সন্ধ্যা ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত বিরতি শেষে রাত ৭টার দিকে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন