বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এই লঘুচাপের প্রভাবে সোমবার (৬ জুলাই) সকাল থেকেই মোংলায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের কারণে পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে সড়কে যানবাহন এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক সালাউদ্দিন কবির জানান, বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য খালাস ও বোঝাইয়ের কাজ স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে তা কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়া পশুর নদীর জোয়ারের পানিও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানান, মোংলায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিন এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিবিসি/আরএসএল