বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ছয়টি জেলায় আজ রাতের মধ্যেই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে এসব এলাকায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
বুধবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, যশোর এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে এই ঝড়ো হাওয়া অতিক্রম করার কথা বলা হয়েছে। এই কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সকালে সমুদ্রবন্দরের জন্য অপর এক সতর্কবার্তায় বলা হয়, সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যা ঝড়ো হাওয়া সৃষ্টির কারণ।
এই পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ডিবিসি/এএমটি