নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না সরকার। সোমবার (২ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দর এ বিষয় নিয়ে কাজ করছে। বন্দর বা দেশের জন্য যেটি মঙ্গলজনক বা কল্যাণকর, নৌপরিবহন মন্ত্রণালয় সেটি সমর্থন করে।
তিনি সকলকে দেশের স্বার্থে বন্দরকে সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, বন্দরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ সময়ে দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়ন করবে না বলে তিনি আশ্বস্ত করেন। তিনি বলেন, যে বিষয়ে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত।
রমজানকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুত করে দ্রব্য মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এ সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিদিনই নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান মোবাইল কোর্ট পরিচালনা করছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ভিত্তিতে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডিবিসি/কেএলডি