দেশের অর্থনীতিকে চাঙা করা এবং বন্ধ কলকারখানা পুনরায় চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান।
সংবাদ সম্মেলনে এই তহবিলের বিস্তারিত রূপরেখা তুলে ধরে গভর্নর আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে দেশে অন্তত ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। এই তহবিলের আওতায় মূলত বন্ধ কলকারখানা, কৃষি, তৈরি পোশাক, সিএমএসএমই, পরিবেশবান্ধব খাত এবং সৃজনশীল অর্থনীতিতে ঋণ ও অর্থায়ন সুবিধা দেওয়া হবে।
তহবিলের কাঠামোর বিষয়ে জানানো হয়, মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকার জোগান দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং বাকি ১৯ হাজার কোটি টাকা আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে। এর আওতায় গ্রাহকেরা ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন এবং সরকার এতে ৬ শতাংশ হারে সুদ ভর্তুকি প্রদান করবে।
এ ছাড়া সংবাদ সম্মেলনে দেশের আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গভর্নর। তিনি জানান, দেশ থেকে প্রায় ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ ঋণই গায়েব হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত কোনো সম্পদ বা জামানত নেই।
ডিবিসি/এফএইচআর