দেশের অর্থনীতিকে গতিশীল করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিগত সময়ে বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত শিল্পখাতকে পুনরুজ্জীবিত করতে এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে দেশের অনেক সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে হাজার হাজার শ্রমিক তাদের কাজ হারান এবং দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সরকার রাষ্ট্র মেরামতের যে উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এসব বন্ধ কারখানা পুনরায় সচল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, কারখানাগুলো দ্রুত চালুর মাধ্যমে দেশে বিপুল সংখ্যক মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যা জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলবে। শিল্পখাতকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ডিবিসি/আরএসএল