সম্প্রতি পাহাড় ধসে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নেপালে। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।
দুর্যোগের এই দুঃসময় কিছুটা কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত স্থানীয়দের অনুপ্রেরণা জোগাতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। ভয়াবহ বন্যার পর সময়মতো সহযোগিতা করায় বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের রাষ্ট্রদূত।
ঘনশ্যাম ভান্ডারি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে এখনো কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ হয়নি। সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য অনুপ্রেরণা প্রয়োজন। এ কারণে বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ জানিয়েছেন তারা। বাংলাদেশের দলকে নেপালে স্বাগত জানাতেও প্রস্তুত বলে জানান তিনি।
দুই দেশের সুদৃঢ় রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত বলেন, সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ক্রীড়া কূটনীতিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহারের বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিভিন্ন খেলায় সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ কাজ করছে।
ডিবিসি/ আরএফই