বাংলাদেশ, জাতীয়

বন্যায় সহায়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা ডিসেম্বর ২০২৫ ১০:০৫:২৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কার সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের সংহতি ও পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া।

বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই ধন্যবাদ জানান তিনি ।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে ফোন করেন। আলাপকালে ড. হরিণী অমরাসুরিয়া সাম্প্রতিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের সহানুভূতি এবং সহায়তার জন্য ড. ইউনূসকে বিশেষ ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত এক সপ্তাহের এই প্রাকৃতিক দুর্যোগে শ্রীলঙ্কায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশটির বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

টেলিফোনালাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি শ্রীলঙ্কার এই কঠিন সময়ে দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রয়োজনে বাংলাদেশ অতিরিক্ত জরুরি সহায়তা এবং দুর্যোগ-প্রতিক্রিয়া বিশেষজ্ঞ দল পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, যা কিছু প্রয়োজন, বাংলাদেশ তা করতে প্রস্তুত।

 

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, তার সরকার বর্তমানে ভারী বৃষ্টি ও বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান নিরূপণে কাজ করছে। আলাপচারিতার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া তিনি ঢাকা ও কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী বলেও উল্লেখ করেন।

 

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়েছিল। বৃহস্পতিবারের এই টেলিফোনালাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন