চীন-নেপাল সীমান্তের হিমালয়সংলগ্ন অঞ্চলে ভয়াবহ বন্যা ও ধসে নিহতদের স্মরণে নেপালে সোমবার (৭ সেপ্টেম্বর) ১৩ দিনের ঐতিহ্যবাহী শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশজুড়ে এবং বিদেশে নেপালের সব কূটনৈতিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
গত ২৬ আগস্ট তিব্বত সীমান্তবর্তী হিমালয়ের একটি বিশাল হিমবাহ ভেঙে নদীতে আছড়ে পড়লে কাদা ও পাথরের স্রোতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে শহর-গ্রাম ও সড়ক-মহাসড়ক ধ্বংসস্তূপে চাপা পড়ে।
যৌথ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৮০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৫০০ জনের বেশি।
শোকের মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ ও সুরঙ্গ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার একটি বিধ্বস্ত সুরঙ্গ থেকে এক চীনা নাগরিক এবং শুক্রবার আরেকটি সুরঙ্গ থেকে দুই হাইড্রোপাওয়ার শ্রমিককে উদ্ধার করা হয়। একই দিন ধসে পড়া নিজের ঘর থেকে এক নেপালি নারীকে জীবিত উদ্ধার করা হয়।
তিব্বত সীমান্তের চীন অংশ থেকেও রোববার আরও ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।
সূত্র: নেপাল নিউজ
ডিবিসি/এসএফএল