আন্তর্জাতিক

বন্যা কবলিত নেপালে ৫০ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোতেকোশি ও ত্রিশূলি নদীতে ভয়াবহ বন্যার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে নেপালে ৫০ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন।

রবিবার সকাল ৭টার দিকে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের দুটি ওয়াই-২০ বৃহৎ সামরিক পরিবহন উড়োজাহাজ ১৩,২০০টি জরুরি ত্রাণসামগ্রী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে কাঠমান্ডুর চীনা দূতাবাস।

 

চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রায় তিন ঘণ্টা পর উড়োজাহাজগুলো কাঠমান্ডুতে পৌঁছায়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, শুকনো খাবার (হার্ড ট্যাক) ও ফার্স্ট-এইড কিট। বিমানবন্দরে আয়োজিত এই ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং মাওমিং এবং নেপালের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী মহাবীর পুন।

 

চীনা দূতাবাসের বিবৃতি অনুযায়ী, নেপাল সরকারের অনুরোধে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় শনিবার জরুরি ভিত্তিতে পাঁচজন টানেল বিশেষজ্ঞকে নেপালে পাঠিয়েছে। ওই বিশেষজ্ঞরা চীন সীমান্তের নিকটবর্তী কেরুং থেকে হেলিকপ্টারে করে নেপালের দুর্যোগকবলিত অঞ্চলে পৌঁছান এবং অবিলম্বে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল উদ্ধার অভিযানে অংশ নেন। উদ্ধার অভিযানের প্রয়োজনে খুব শিগগিরই আরও চারজন চীনা টানেল বিশেষজ্ঞকে জরুরি ভিত্তিতে নেপালে পাঠানো হবে বলেও জানিয়েছে দূতাবাস।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন