বাংলাদেশ

ববি'তে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই মার্চ ২০২৬ ০৯:১০:৫১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবন–১ এর সামনে আরসিসি সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানায় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরিফ ও বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ধারা এন্টারপ্রাইজের প্রতিনিধি এবিএম আওলাদ হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স ধারা এন্টারপ্রাইজ গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে প্রাপ্ত কার্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আরসিসি সড়ক নির্মাণের কাজ শুরু করে। গত রবিবার (১ মার্চ) ২০২৬ তারিখ সকালে আজমান সাকিবের নেতৃত্বে একদল ব্যক্তি নির্মাণকাজে বাধা প্রদান করেন এবং কাজের লভ্যাংশ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাঁদা হিসেবে দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেন এবং ঠিকাদারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

তবে চাঁদাবাজির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা আজমান সাকিব। তার দাবি, ঠিকাদার প্রতিষ্ঠানটি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিল, যা দেখে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চাঁদা দাবির প্রশ্নই ওঠে না বরং শিক্ষার্থীদের প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

 

এই ঘটনার বিষয়ে মন্তব্য জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম এবং প্রক্টর রাহাত হোসাইন ফয়সালের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, মারধর ও চাঁদাবাজির অভিযোগে প্রায় ২০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন