জেলার সংবাদ

বরগুনায় চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ল চোর, উদ্ধারে ডাকল বাড়ির মালিককেই

বরগুনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরগুনায় নারকেল গাছ থেকে ডাব চুরি করতে উঠে ভিমরুলের কামড়ে মাটিতে আছড়ে পড়েছেন দবির নামের এক ব্যক্তি। গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে নিজ থেকে উঠতে না পারায়, শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি ওই বাড়ির মালিককেই উদ্ধারের জন্য ডাকেন। শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় বেলাল নামের এক ব্যক্তির বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ওই চোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারকেল গাছে ডাব চুরির উদ্দেশ্যে ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে নিচেও ফেলেন তিনি। কিন্তু অসাবধানতাবশত হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের চাক বা বাসায় আঘাত লাগলে ভিমরুলের দল তাঁকে কামড়াতে শুরু করে। ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে দবির সজোরে গাছ থেকে মাটিতে পড়ে যান। এতে তাঁর কোমর ও হাতে মারাত্মক আঘাত লাগে এবং তিনি গুরুতর জখম হন। নড়াচড়া করতে না পেরে একপর্যায়ে তিনি ওই বাড়ির বাসিন্দাদেরই ডাকাডাকি করে উদ্ধারের আকুতি জানান।

 

বাড়ির মালিক বেলাল জানান, সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ বাইরে থেকে কারও ডাক শুনতে পান তিনি। বাইরে গিয়ে দেখেন, গাছের নিচে ডাবসহ ওই ব্যক্তি পড়ে আছেন এবং তাঁকে উদ্ধার করার অনুরোধ করছেন। বেলাল আরও জানান, দবির এলাকার পরিচিত চোর; আশপাশের সব গাছের ডাব ও সুপারি সে নিজের মনে করে নিয়মিত চুরি করে থাকে। পরিস্থিতি দেখে বেলাল দ্রুত পুলিশে খবর দেন।

 

খবর পেয়ে বরগুনা সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দবিরকে উদ্ধার করা হয়েছে। গাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন