বাংলাদেশ, জেলার সংবাদ

বরগুনায় ডাকবাংলো থেকে ২ কন্যাশিশুসহ নারীর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা জুন ২০২৬ ০৮:১৯:১৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরগুনা শহরের জেলা পরিষদ ডাকবাংলোর পৃথক দুটি কক্ষ থেকে মা ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (০৩ জুন) বিকেল ৫টার দিকে ডাকবাংলোর তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪), তার ১২ বছর বয়সী কন্যা আরাধ্য বিশ্বাস এবং ৩ বছর বয়সী কন্যা অনুরাধা বিশ্বাস। নিহত ইতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে খণ্ডকালীন (পার্টটাইম) ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহগুলো পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ এবং ডিবি পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কক্ষ দুটি থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

 

ঘটনার খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। 

 

নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন