জেলার সংবাদ

বরগুনায় জবাই করা দুই হরিণসহ শিকারি আটক

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরগুনার পাথরঘাটায় জবাই করা দুটি হরিণ এবং শিকারের ফাঁদসহ মো. হানিফ (৪৫) নামে এক হরিণশিকারিকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বন বিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেন। আটক হানিফ পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাশারের ছেলে। বন্যপ্রাণী নিধনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। বিষখালী নদী থেকে ধাওয়া দিয়ে পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক চার মণ ওজনের জবাই করা দুটি হরিণ, শিকারের কাজে ব্যবহৃত ৯০০ ফুট ফাঁদ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

 

বন বিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা আব্দুল হাই জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে হানিফের সঙ্গে থাকা অন্তত আরও চারজন শিকারি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে হানিফকে হাতেনাতে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত জবাই করা হরিণ দুটিকে পরবর্তীতে মাটিচাপা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার আটক শিকারি মো. হানিফকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় সাজা প্রদান করা হয়। আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন