বরগুনার আমতলী উপজেলায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের মিরাজুল ইসলাম শাওন (২০) এবং পটুয়াখালীর আলীপুরের মহিষডাঙ্গা এলাকার বেল্লাল (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক ফাহাদ এবং যাত্রী তুহিন ও জসিম সিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে যাত্রীবোঝাই অটোরিকশাটি আমতলীর মহিষকাটা থেকে উপজেলা সদরের দিকে আসছিল। পথে ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ পাঁচজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
বরিশাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই যাত্রী বেল্লালের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত মিরাজুল ইসলাম শাওনকে পটুয়াখালী হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌঁছানোর পর তিনিও মারা যান।
দুর্ঘটনার বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
ডিবিসি/এএমটি