জেলার সংবাদ

বরগুনায় পুত্রবধূর মৃত্যুর খবর শুনে শ্বশুরের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরগুনার আমতলী উপজেলায় সন্তান প্রসবের পর লামিয়া বেগম (২০) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে এ মৃত্যুর খবর শুনে সহ্য করতে না পেরে একইদিনে তার শ্বশুর মোস্তফা প্যাদারও (৭০) মৃত্যু হয়। তবে সুস্থ অবস্থায় বেঁচে আছে নবজাতক শিশুটি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার ইউপি সদস্য মোঃ কামরুল হাসান সেতু মল্লিক  বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার তক্তাবুনিয়া এলাকার বাসিন্দা সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম গর্ভবতী ছিলেন। সকালে স্বামীর নিজ বাড়িতে স্বাভাবিকভাবেই লামিয়ার একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে এর পরপরই লামিয়ার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে স্বজনরা তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মৃত্যু হয় লামিয়ার। পরবর্তীতে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে, পুত্রবধূর মৃত্যুর কথা শুনে অসুস্থ হয়ে পরেন শ্বশুর মোস্তফা প্যাদা। এরপর একইদিন বিকেলেই মৃত্যুবরণ করেন তিনি।  

 

হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকার ইউপি সদস্য মোঃ কামরুল হাসান সেতু মল্লিক  বলেন, সন্তান জন্মের পর মা লামিয়া বেগম পটুয়াখালীতে চিকিস্যাধীন অবস্থায় বেলা ১২ টার দিকে মৃত্যুবরণ করেন। পরে খবর শুনে বিকেল ৩ টার দিকে বাড়িতে থাকা ব্লাড ক্যান্সারে আক্রান্ত শ্বশুর মোস্তফা প্যাদারও মৃত্যু হয়। পুত্রবধূর মরদেহ যাতে তিনি না দেখতে পারেন এ কারণে তাকে অন্যত্র সরিয়ে নিতেও চেয়েছিলেন স্বজনরা। তবে খবর শুনে সহ্য করতে না পেরে অসুস্থ অবস্থায় হা-হুতাশ করেই মৃত্যু হয় মোস্তফা প্যাদার।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন