বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহতরা হলেন লাকুরতলা এলাকার মো. জাহাঙ্গীর (৫৮) এবং পদ্মা এলাকার আমেনা (৫৫)। কুকুরের কামড়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মুখমণ্ডলে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস বলেন, “কুকুরের কামড়ে আহত হয়ে ১২ জন চিকিৎসা নিতে এসেছেন। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে গুরুতর আহত হওয়া দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন নেই। ফলে আহত রোগীদের বাইরে থেকে নিজেদের খরচে ভ্যাকসিন কিনতে হয়েছে।
ডিবিসি/পিআরএএন