বাংলাদেশ

বরিশালে আগু‌নে পুড়ে ছাই কৃষ‌কের ২১‌টি ছাগল ও ২‌টি গাভী

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মশার কয়েল থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের সর্বস্ব ভস্মীভূত হয়েছে। শনিবার গভীর রাতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে কৃষক মুজাম্মেল হক মল্লিকের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা গেছে ২১টি ছাগল ও ২টি দুগ্ধবতী গাভী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাম্মেল হক তার গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা গোয়ালঘর ছাড়িয়ে বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে গ্রামবাসী চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফলে চোখের পলকেই পুড়ে ছাই হয়ে যায় কৃষকের জীবিকার প্রধান অবলম্বন গবাদিপশুগুলো।

 

ভুক্তভোগী মুজাম্মেল হক মল্লিক কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার সব শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে এই গরু-ছাগলগুলো লালন-পালন করছিলাম, এটাই ছিল আমার পরিবারের আয়ের একমাত্র পথ। এখন আমি নিঃস্ব।" প্রতিবেশী শাহরিয়ার নাফিজ জানান, মুজাম্মেল হক দিনরাত তার পশুপালনের পেছনে পরিশ্রম করতেন। এই অপূরণীয় ক্ষতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে বসতঘর, আসবাবপত্র এবং গবাদিপশুসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

 

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়েছিলেন। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের রাস্তা অত্যন্ত দুর্গম ও খারাপ হওয়ায় গাড়ি নিয়ে পৌঁছাতে দেরি হয়। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন