বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের উদ্যোগ সরকারের

Tanjia Khanam Borshon

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই অক্টোবর ২০২১ ১২:১৭:১৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ,হিজলা ও মুলাদীর ২০ লাখ বাসিন্দার জন্য আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে সমীক্ষা হয়ে গেছে বলে জানিয়েছে,সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। সেতু নির্মাণের খবরে উৎফুল্ল তিন উপজেলার বাসিন্দারা। 

দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদীকে বরিশাল সদরের সঙ্গে আলাদা করে রেখেছে আড়িয়াল খাঁ নদ। স্বাধীনতার ৫০ বছরেও বরিশাল শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে ওঠেনি এ তিন উপজেলার। মীরগঞ্জ পয়েন্টে একটি ফেরি থাকলেও, চলে নিয়ন্ত্রিতভাবে।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী চক্র অতিরিক্ত টোল আদায়সহ নানাভাবে হয়রানি করে যাত্রীদের। তাই এখানে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। 

মীরগঞ্জ, হিজলা ও মুলাদী পরিদর্শন করে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান, ১.৭ কিলোমিটার একটি সেতু এখানে প্রয়োজন। এটা আমরা সরকারকে জানিয়েছি। সমীক্ষা হয়েছে,পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। 

পরিদর্শন শেষে বরিশাল ৪ এর স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ বলেন, তিন উপজেলার মানুষের সড়ক পথে যাতায়াত নির্বিঘ্নে সেতু নির্মাণের উদ্যোগ সময়োপযোগী। 
 
সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেন, 'বানিজ্যিক, পণ্য সরবরাহ সবকিছুর জন্য সেতুর প্রয়োজন আছে। এখানে বিশাল একটা এলাকা আছে। তাই এখানে একটা সেতু হওয়া উচিত। আমরা আশাবাদী, অর্থ বরাদ্দ হলেই সেতুর দৃশ্যমান অগ্রগতি হবে'। 

সেতু নির্মিত হলে আড়িয়াল খাঁ নদের পূর্ব দিকের ৩ উপজেলার জনগণ সহজে বরিশালসহ রাজধানীতে চলাচল করতে পারবে, বাঁচবে সময়।  

আরও পড়ুন