জেলার সংবাদ

বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল ও চাল জব্দ

বরিশাল অফিস

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের মুলাদী উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে ইউপি সদস্য মো. সুমন ঘরামীর বাড়ি থেকে ২০০ লিটার ডিজেল ও এক টন চাল জব্দ করা হয়। পাশাপাশি তাঁর ভাই বাচ্চু আলমের গরুর খামার থেকে আরও ৬০০ লিটারসহ মোট ৮০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে এই ডিজেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার জানান, একজন ইউপি সদস্যের বাড়িতে সরকারি চাল থাকার বিষয়টি অস্বাভাবিক এবং এর উৎস সম্পর্কে তিনি অবগত নন। সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, ইউপি সদস্য ও তাঁর ভাই ডিজেল মজুদের বিষয়টি স্বীকার করেছেন। তবে সুমন ঘরামী চালগুলো নিজের কেনা বলে দাবি করলেও এর স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রমাণ দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

অভিযুক্ত ইউপি সদস্য সুমন ঘরামী চাল কিনে এনেছেন বলে দাবি করলেও, তেল মজুদ রাখা তার ভুল ছিল বলে স্বীকার করেছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানিয়েছেন, জব্দ করা ডিজেল ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে এবং উদ্ধারকৃত চালের বিষয়ে তদন্ত চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন