বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত এই নেতার সঙ্গে দলের নেতা-কর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের এক অভিযানে এনামুল হককে ৬২৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মো. এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির সাহায্যে নিচে ইয়াবা সরবরাহ করে বিক্রি করতেন। প্রতিদিনই তাঁর বাড়িতে বহিরাগত অনেকে ইয়াবা কিনতে আসতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা একাধিকবার প্রতিবাদ করলেও তিনি এই মাদক কারবার বন্ধ করেননি।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ক্রেতা সেজে ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান। এ সময় এনামুল দোতলা থেকে রশির মাধ্যমে তাঁদের কাছে ইয়াবা বিক্রি করতে গেলে অধিদপ্তরের দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে তাঁর কাছ থেকে ৬২৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/কেএলডি