বরিশালের গৌরনদী উপজেলায় দোকানে চুরি করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে খালের কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হয়নি এক যুবকের। টানা সাড়ে তিন ঘণ্টা পানিতে নাক জাগিয়ে লুকিয়ে থাকার পর বুধবার (১ জুলাই) ভোরে তাকে অসুস্থ অবস্থায় আটক করা হয়। আটককৃত যুবকের নাম সুজন হাওলাদার (৩২)। তিনি পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাহিিলারা ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে এই চুরির চেষ্টার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সজীব হাওলাদার জানান, রাত ৩টার দিকে গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকে সুজন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চিৎকার দিলে সে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে সে দোকানের পাশের একটি খালে ঝাঁপ দেয় এবং কচুরিপানার মধ্যে আত্মগোপন করে। টানা সাড়ে তিন ঘণ্টা পানিতে নাক বের করে লুকিয়ে থাকার পর ভোর সাড়ে ৬টার দিকে গ্রামবাসী তাকে খুঁজে বের করে।
দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় সুজন হাওলাদার অসুস্থ হয়ে পড়েন। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মানবিক বিবেচনায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে। সে পুরোপুরি সুস্থ হলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাটি সম্পর্কে থানায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/পিআরএএন