বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় এক দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামে এক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ওই গৃহবধূ গুরুতর জখম হয়েছেন এবং একই বাড়িতে থাকা আরেক নারীর গহনা লুটেরও চেষ্টা চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর মহিষা গ্রামের জেলে শাহজাহান হাওলাদারের বাড়ির এক পাশের টিন খুলে গভীর রাতে ভেতরে প্রবেশ করে চোর। এ সময় ঘরে ঘুমিয়ে ছিলেন শাহজাহান হাওলাদারের স্ত্রী। চোর তাঁর দুই কানে থাকা স্বর্ণের দুল হ্যাঁচকা টানে ছিঁড়ে নেয়। এতে তাঁর দুই কান মারাত্মকভাবে জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে বিছানা ভিজে যায়। এরপর ওই একই ঘরে থাকা শাহজাহানের পুত্রবধূর নাকের গহনাও ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে সে। কিন্তু এ সময় ভুক্তভোগীরা টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসেন। তবে লোকজনের উপস্থিতি টের পেয়ে চোর দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার পর স্থানীয়রা এসে বাড়ির এক পাশের টিন খোলা অবস্থায় দেখতে পান। তাড়াহুড়ো করে পালানোর সময় ঘটনাস্থলে চোরের ফেলে যাওয়া একটি জুতো উদ্ধার করা হয়েছে। এদিকে এমন নৃশংস ও দুর্ধর্ষ ঘটনার পর থেকে চর মহিষা গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। আহত গৃহবধূকে দেখতে যাওয়া স্থানীয় বাসিন্দা কামরুল হাসান মোমেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বিছানায় প্রচুর রক্ত দেখতে পান এবং ভুক্তভোগী গৃহবধূকে চরম যন্ত্রণাকাতর অবস্থায় পান। গ্রামবাসী বর্তমানে নিজ উদ্যোগে রাতে পাহারা জোরদার করেছে এবং অপরাধীকে দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
চাঞ্চল্যকর এই ঘটনার বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরির এই বিষয়টি সম্পর্কে থানা পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
ডিবিসি/পিআরএএন