বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের বিরুদ্ধে মহাসড়কে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর সংগঠনটির দুই সহ-সভাপতিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ৪নং সহ-সভাপতি মিঞা বাবুল এবং ২৫নং সহ-সভাপতি মো. মিঠু।
আজ বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এই দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) ভোলা-বরিশাল মহাসড়কে মাছের পোনাবাহী একটি গাড়ি আটকে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেছিল কেন্দ্রীয় সংসদ।
বহিষ্কারের বিষয়ে মিঞা বাবুল দাবি করেন, তাকে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে এলাকার কিছু লোকও জড়িত রয়েছে এবং সবাই মিলে সুবিধা নিলেও কেবল তার নাম জড়াচ্ছে। তিনি দ্রুত সাংবাদিকদের মাধ্যমে মূল হোতাদের নাম সামনে নিয়ে আসার ঘোষণাও দেন। অন্যদিকে, এ বিষয়ে জানতে বহিষ্কৃত অপর সহ-সভাপতি মো. মিঠুকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন জানান, দলের সিদ্ধান্ত সবার জন্যই প্রযোজ্য। যারা অন্যায় ও শৃঙ্খলাপন্থী কাজের সঙ্গে জড়িত হবে, তাদের বিরুদ্ধে সর্বদা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ