নির্বাচনি জনসংযোগে অংশ নিতে বরিশালের নগরীর বেলস্ পার্ক মাঠে আয়োজিত বিশাল জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বুধবার বেলা ১২টা ২৫ মিনিটে বরিশাল নগরীর বান্দ রোডের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে নির্বাচনি জনসভায় উপস্থিত হন তিনি। এসময় দলের হাজারো নেতা-কর্মী ও সমর্থক মুহুর্মুহু করতালি দিয়ে তাকে স্বাগত জানালে তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন।
এ সমাবেশ থেকে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও জোটের শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
এদিকে সমাবেশের একদিন আগেই বিভাগের ৬ জেলা ও অন্যান্য উপজেলা থেকে নেতাকর্মীরা বরিশাল নগরীতে আসতে শুরু করেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা রাতেও বেলস পার্ক মাঠে সমাবেশ স্থলেই অবস্থান করেন। শুভেচ্ছা বিনিময়, স্লোগান, নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সারা রাতই সরগরম ছিল সমাবেশস্থল।
সর্বশেষ ২০০৮ সালে এই মাঠেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনী জনসভা করেছিলেন প্রয়াত বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার হাজির হয়েছেন দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমান। সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশাল সফর করেছিলেন তিনি।
বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। এর মধ্যে পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান (পার্থ)। ১৯টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুপুরে বরিশালের জনসমাবেশ শেষে হেলিকপ্টারযোগে ফরিদপুরে পৌঁছে নির্বাচনী জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের।
ডিবিসি/এমইউএ