বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারধরে বৃদ্ধের মৃত্যু

বরিশাল অফিস

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের মারধরে রিয়াজ হাওলাদার ওরফে শুক্কুর মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার ওরফে শুক্কুর মিয়া বছরখানেক আগে পার্শ্ববর্তী শায়েস্তাবাদ ইউনিয়নের বাসিন্দা স্বপন খানকে এলাকায় জমি কিনতে সহযোগিতা করেন। কিন্তু ওই জমিতে প্রবেশ করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন রিয়াজের চাচাতো ভাই শহিদ হাওলাদার, খোকন হাওলাদার ও জাহিদ হাওলাদার। এই টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে রিয়াজের সাথে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল।


নিহতের ছেলে জুবাইল ইসলাম শুভ অভিযোগ করে বলেন, "মঙ্গলবার বিকেলে জমি ও টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাইয়েরা আমার বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাদের পিটুনিতে বাবা অচেতন হয়ে পড়লে আমরা তাকে উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা নিশ্চিত করেন।"


কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মারধরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত খোকন হাওলাদারসহ তার পরিবারের সদস্যরা ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তদের পক্ষ থেকে আত্মীয়-স্বজনের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন