বরিশালে নির্মাণাধীন ৩৫ লাখ টাকা ব্যয়ের একটি সেতুর পাটাতন ঢালাই দেওয়ার পরপরই ধসে পড়েছে।
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত আহম্মেদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনে নির্মাণাধীন সেতুতে বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে প্রকাশ্যে আসে।
গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের দরপত্র পায় ডায়নামিক আইটি শপ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির কাছ থেকে কাজটি নিয়ে ঠিকাদার আবুল ফয়েজ শরীফ নির্মাণকাজ পরিচালনা করছেন।
স্থানীয়দের অভিযোগ, সেতুর শাটারিং তৈরিতে পুরোনো ও অনুপযুক্ত বাঁশ ব্যবহার করা হয়। ওই শাটারিংয়ের ওপর বুধবার দুপুরে কংক্রিটের ঢালাই দেওয়া হলে চাপ সহ্য করতে না পেরে পুরো শাটারিংসহ পাটাতন খালের মধ্যে ধসে পড়ে।
ঠিকাদার আবুল ফয়েজ শরীফ বলেন, নিচের কাঠামো মজবুত না থাকায় ঢালাই দেওয়ার শুরুতেই সেটি ভেঙে পড়ে। পুনরায় শাটারিং করে ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হবে।
গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস বলেন, আমাদের কাউকে না জানিয়েই ঠিকাদার ঢালাই দিয়েছেন। পরে শুনেছি সেটি খালের মধ্যে ভেঙে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, কাজের গুণগত মানে কোনো ত্রুটি পাওয়া গেলে তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এসভিএন