দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মান্নান জুয়েলের (৩৫)। তাকে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি। গ্রেপ্তার আবদুল মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আবদুল হক মিয়ার ছেলে।
অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, ২০১২ সালে আবদুল মান্নান জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক। তবে রায় ঘোষণার পর থেকেই জুয়েল আত্মগোপনে চলে যান।
তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে র্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। রাতেই পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জুয়েলকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ডিবিসি/এসভিএন