বরিশালের মুলাদীতে নিখোঁজের তিনদিন পর মো. হারুন হাওলাদার (৫৯) নামের এক ব্যক্তির মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে নিজ বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এই ঘটনায় নিহতের ছেলে মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার সকালে বাড়ির পেছনে স্থানীয় লোকজন মাটি আলগা এবং সেটি বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন। পরে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, নিহতের স্ত্রীর কথাবার্তা ও আচরণে ব্যাপক অসঙ্গতি দেখা গেছে। পরকীয়া ও দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিবিসি/আরএসএল