বরিশালের উজিরপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফারিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সাতলা গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মৃত ফারিয়া ওই গ্রামের জিলাল মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রের বরাতে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহনাজ পারভীন সেতু জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল ফারিয়া। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে চলে যায় এবং পানিতে পড়ে ডুবে যায়।
পরে তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর পুকুর থেকে ফারিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক শাহনাজ পারভীন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/টিবিএ